
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম-এর আওতায় হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে একটি সেমিনার মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কর্ণফুলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সেমিনারে হালদা নদীর প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ, মা-মাছ রক্ষা, নদীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত আলোচনা উপস্থাপন করা হয়। বিশেষজ্ঞদের মতে, দেশের একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজননক্ষেত্র হালদা নদীকে রক্ষায় প্রশাসন, স্থানীয় জনগণ ও জেলেদের সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকর সংরক্ষণ সম্ভব নয়।
সেমিনারটি সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. নাসিম আল মাহমুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন সুলতানা,সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদ সহ অনুষ্ঠানে প্রকল্প–সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জেলে প্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বক্তারা বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মা-মাছ সংরক্ষণের জন্য নিয়মিত মনিটরিং, নদী দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সেমিনারের শেষে হালদাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।