
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের দপ্তরে এ আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাক্ষাৎ করতে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সাক্ষাতের পূর্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সশস্ত্র বাহিনীর উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অগ্রগতি এবং জাতির সামগ্রিক নিরাপত্তা–সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন তিন বাহিনী প্রধান।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধি করতে সরকার ও সামরিক বাহিনীর পারস্পরিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করা হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকার স্মরণে প্রতি বছর ২১ নভেম্বর দেশব্যাপী সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি জাতির আত্মত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয়।