দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শনিবার সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের জাতীয় বিমান সংস্থা ড্রুক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করেন।
আগমনের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী টোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে তাকে অভ্যর্থনা মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি, গার্ড অব অনার ও সামরিক বাহিনীর আনুষ্ঠানিক সালাম প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে যান। তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরিদর্শনী খাতায় স্বাক্ষর করেন।
সফরের অংশ হিসেবে আজ বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে প্রধানমন্ত্রী টোবগের দুটি পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিকেল ৩টার দিকে তিনি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন।
সন্ধ্যায় তার সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর।