বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

প্রশাসন আমাদের কথায় উঠবে–বসবে, মামলা-গ্রেপ্তারও করবে: শাহজাহান চৌধুরী

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, “জামায়াতে ইসলামীর সামনে যে সুযোগ তৈরি হয়েছে, এটি ভবিষ্যতে আর নাও আসতে পারে।” দুর্নীতি বন্ধ করা গেলে পার্শ্ববর্তী দেশ ভারত (হিন্দুস্তান) থেকে বৃহৎ অঙ্কের অর্থসহ নানা সহায়তা দেশে প্রবেশ করবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের চট্টগ্রাম অঞ্চলের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান।

বক্তৃতায় শাহজাহান চৌধুরী বলেন,“নির্বাচন শুধু জনগণের ওপর নির্ভর করে হয় না। যার যার এলাকায় প্রশাসনে যারা আছেন, তাদের অবশ্যই আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, মামলা করবে।”

তিনি দাবি করেন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও দাঁড়িপাল্লার (জামায়াতের প্রতীক) পক্ষে অবস্থান নিতে হবে। তার বক্তব্য—“প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলবে, কলেজের শিক্ষক দাঁড়িপাল্লার কথা বলবে। পুলিশ আপনাকে প্রোটোকল দেবে, আপনার কর্মসূচি জেনে নেবে। টিএনও এলাকার উন্নয়নের হিসাব নেবে আমাদের মনোনীত প্রার্থীর কাছ থেকে।”

নিজ জেলার উদাহরণ টেনে তিনি বলেন—“আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি। লোহাগাড়ায় ১০০ কোটি, সাতকানিয়ায় ১০০ কোটি টাকার উদ্যোগে সহায়তা করেছি। বাস্তবায়নের জন্য ১০ কোটি করে দেয়া হয়েছে।”

তিনি আরও বলেন, জনগণকে সম্পৃক্ত না করলে রাজনৈতিক সাফল্য পাওয়া কঠিন। জনগণের সমস্যা, অভিযোগ ও চাহিদা বুঝতে হবে।

শাহজাহান চৌধুরী বলেন—“নির্বাচন সংগঠন দিয়ে হয় না। সংগঠন আমাদের ভিত্তি ঠিকই, কিন্তু জনগণকে জায়গা না দিতে পারলে বিজয় কঠিন হয়ে যায়।”

তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকার শুধুমাত্র নিজেদের দলের লোক দিয়ে দেশ চালাতে গিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

সমাবেশে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্তরের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনে কৌশলগত প্রস্তুতি, মাঠপর্যায়ে সমন্বয়, ভোটার সংযোগ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর