বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

অবদান ও উৎসাহে আলোকিত আনোয়ারা: করদাতা সম্মাননা ও প্রাথমিক শিক্ষার্থীদের উপহার বিতরণ

আনোয়ারা প্রতিনিধি চট্টগ্রাম
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেরা হোল্ডিং করদাতাদের সম্মাননা প্রদান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী চাতরী ও বৈরাগ ইউনিয়নে এসব কর্মসূচি পরিচালনা করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

অনুষ্ঠানে চাতরী এবং বৈরাগ ইউনিয়ন পরিষদের নির্বাচিত নয়জন সেরা করদাতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক, স্থানীয় রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোঃ আবু তাহের।হোল্ডিং কর পরিশোধে উদাহরণ সৃষ্টি করায় করদাতাদের এ স্বীকৃতি প্রদান করা হয়।

সম্মাননা প্রদান শেষে ইউএনও তাহমিনা আক্তার চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন শিক্ষা–উপকরণ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন,
“করদাতারা দেশের উন্নয়নের চালিকাশক্তি। তাঁদের সম্মান জানালে কর প্রদানের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ বিতরণ ভবিষ্যৎ প্রজন্মকে আরও আলোকিত পথে এগিয়ে নিতে সাহায্য করবে। উপজেলা প্রশাসন উন্নয়ন, শিক্ষা ও নাগরিক সেবায় মানুষের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।”

তিনি আরও জানান, স্থানীয় সরকার ব্যবস্থায় হোল্ডিং কর সংগ্রহ ও করদাতাদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

দিনব্যাপী এই দুই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হিন্দোল বারী, সহকারী শিক্ষা অফিসার মো. সানাউল্লাহ কাউসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, করদাতা, অভিভাবক ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয় জনগণ অত্যন্ত প্রশংসনীয় হিসেবে দেখছেন। তাঁদের মতে, করদাতাদের সম্মানিত করা হলে কর সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষাসামগ্রী বিতরণ শিক্ষার্থীদের উৎসাহিত করবে। প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন কার্যক্রম স্থানীয় উন্নয়ন ও শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর