বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

ফটিকছড়িতে প্রবাসী ব্যবসায়ী ইয়াকুব সৈনিককে সংবর্ধনা: উপস্থিত হেফাজত আমির বাবুনগরী

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সংযুক্ত আরব আমিরাত চট্টগ্রাম সমিতির সভাপতি, দুবাইপ্রবাসী ব্যবসায়ী ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিককে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে জাফতনগর হাফেজুল উলুম মাদ্রাসা।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি যেন পরিণত হয় এক বিরল মিলনমেলায়। শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, প্রখ্যাত আলেমে দ্বীন, শাইখুল হাদিস শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তার উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়।

মাদ্রাসার পরিচালক ও মুহতামিম হাফেজ মাওলানা নাছির উদ্দীন, সহকারী পরিচালক হাফেজ মাওলানা মুজিবুর রহমান এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনা গ্রহণ করে আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেন,“প্রবাসে থেকেও আমি সবসময় চেষ্টা করি জন্মভূমির মানুষের জন্য কিছু করতে। আপনাদের এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রেরণা দেবে।”
তিনি মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

বক্তারা বলেন— প্রবাসে থেকে ইয়াকুব সৈনিক শুধু ব্যবসায়িক সাফল্যই অর্জন করেননি, নিজ এলাকার এতিমখানা–মাদ্রাসা–ধর্মীয় প্রতিষ্ঠানসহ অসংখ্য সামাজিক কর্মকাণ্ডে যে অবদান রেখে চলেছেন, তা সত্যিই অনুকরণীয়।

অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠিত হয় ‘খতমে বুখারি’ ও বিভিন্ন ধর্মীয় পরিবেশনা। মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, হামদ–নাত পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করে।

শেষে বিশেষ মোনাজাতে ইয়াকুব সৈনিকের সুস্বাস্থ্য, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও দোয়া করা হয়।

প্রবাসী সমাজসেবক আলহাজ্ব ইয়াকুব সৈনিককে দেওয়া এই সংবর্ধনা ফটিকছড়ির সামাজিক ও ধর্মীয় অঙ্গনে একটি স্মরণীয় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর