চট্টগ্রাম বন্দর খাতে সম্ভাব্য বিনিয়োগসহ বিভিন্ন সহযোগিতার ক্ষেত্র খতিয়ে দেখতে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে জাপানের আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা জেটরো (Japan External Trade Organization – JETRO)–এর প্রতিনিধি দল। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দরের সম্প্রসারণ, আধুনিকায়ন ও বৈদেশিক বাণিজ্যে ভূমিকা দেখে তাঁরা গভীর আগ্রহ প্রকাশ করেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ–র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বন্দর সচিব মো. ওমর ফারুক এবং সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
জেটরো প্রতিনিধি দলে ছিলেন—
Kazuiki Kataoka, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ
Tomotaka Minoura, রিপ্রেজেন্টেটিভ
বৈঠকে সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালন সক্ষমতা, কনটেইনার হ্যান্ডলিং, গভীর সমুদ্রঘাটের অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থা, নোঙর স্থান ব্যবস্থাপনা, এবং বন্দর আধুনিকায়নে চলমান প্রকল্পগুলোর তথ্য তুলে ধরেন। বিশেষ করে সরাসরি জাহাজ চলাচল বৃদ্ধি, ওয়েটিং টাইম কমানো, টার্ন-এ্যারাউন্ড টাইম হ্রাস এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো–এ চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সাফল্য উল্লেখ করেন তিনি।
জেটরো প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের দ্রুত অগ্রগতি ও ব্যবস্থাপনাগত উন্নতির ভূয়সী প্রশংসা করে বলেন—বাংলাদেশের বাণিজ্য কাঠামোতে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্দর সংশ্লিষ্ট খাতে বিনিয়োগে আগ্রহী।
আলোচনায় তাঁরা জানান,শিগগিরই জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর সরেজমিন পরিদর্শনে আসতে আগ্রহী, যাতে তারা বন্দর–কেন্দ্রিক বিনিয়োগ সম্ভাবনা ও প্রয়োজনীয় অবকাঠামো বিশ্লেষণ করতে পারেন।
এ সময় সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন—
“চট্টগ্রাম বন্দরকে আধুনিক, দক্ষ ও আন্তর্জাতিক মানের বন্দরে রূপান্তর করতে আমরা প্রতিনিয়ত কাজ করছি। জাপানের প্রযুক্তি ও বিনিয়োগ যুক্ত হলে বন্দর আরও শক্তিশালী হবে।”
সাক্ষাৎ শেষে জেটরো প্রতিনিধি দল বন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ঘনিষ্ঠ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।