বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের আহ্বান

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৫৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা ও সাংবাদিকতা পেশার শৃঙ্খলা রক্ষায় সকল সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও ইজতিহাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মইনুদ্দীন কাদেরী শওকত।

শনিবার (২৯ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, সদস্যা ও সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত সকলকে নিয়মিত প্রেস ক্লাবে এসে প্রাপ্য সেবা গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কতিপয় সাংবাদিক ও প্রেস ক্লাব সদস্যের বাড়াবাড়ি, ক্ষমতাসীনদের দালালি এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণবিপ্লবকালীন গণহত্যায় উস্কানির অভিযোগে চট্টগ্রাম প্রেস ক্লাব বিক্ষুব্ধ জনগণের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। তবে ২০০৮ সাল থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাহসী সাংবাদিক-সম্পাদকদের ভূমিকায় প্রেস ক্লাব বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

গত বছরের নভেম্বর থেকে সরকারি তত্ত্বাবধানে প্রেস ক্লাব পুনরায় খুলে দেওয়া হয়। এরপর সদস্য, পেশাদার সাংবাদিক ও সাধারণ মানুষ নিয়মিত এখানে সেবা গ্রহণ করছেন। খুব শিগগিরই চিকিৎসা সেবাও চালু করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দেশের সংবিধানের ৩৭ নম্বর অনুচ্ছেদে সভা-সমাবেশে যোগদানের অধিকার এবং ৩৮ নম্বর অনুচ্ছেদে সংগঠন করার অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে—জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে যুক্তিযুক্ত নিষেধাজ্ঞার আওতায়।

বিবৃতিতে আরও বলা হয়, চট্টগ্রাম প্রেস ক্লাব শান্তিপ্রিয় সাংবাদিকদের দ্বিতীয় আবাসস্থল। ফ্যাসিবাদী বা জঙ্গি মনোভাবাপন্ন কোনো ব্যক্তি বা সাংবাদিকের জন্য প্রেস ক্লাবে স্থান নেই। এ ধরনের ব্যক্তিদের কুপরামর্শ বর্জন করে ক্লাবের প্রতিটি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান দুই সম্পাদক।

প্রেস ক্লাবের মর্যাদা রক্ষা, সাংবাদিকতা পেশার সম্মান পুনরুদ্ধার এবং সাংবাদিক সমাজে ঐক্য প্রতিষ্ঠায় সকল সদস্যকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর