বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন

বঙ্গোপসাগরে চূড়ান্ত দিনের মহড়া: ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নৌবাহিনীর সক্ষমতার প্রমাণ

জাহাঙ্গীর আলম
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪২

বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া–২০২৫’ রবিবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। মহড়ার সমাপনী দিনটি প্রত্যক্ষ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে বাংলাদেশ অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র, আইন ও বিচার, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাঁরা বানৌজা খালিদ বিন ওয়ালিদ জাহাজ থেকে পুরো মহড়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এই সমুদ্র মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ অংশ নেয়। পাশাপাশি অংশ নেয় নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত সোয়াডস। বাংলাদেশ বিমানবাহিনী, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহও সরাসরি ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

বিভিন্ন ধাপে পরিচালিত মহড়ার উল্লেখযোগ্য অংশ ছিল—
সমুদ্র এলাকায় রণকৌশল অনুশীলন
সমুদ্র পথ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ
লজিস্টিক অপারেশন ও পর্যবেক্ষণ কার্যক্রম
উপকূলীয় নৌ স্থাপনার প্রতিরক্ষা অনুশীলন

সমাপনী দিনের আকর্ষণীয় অনুশীলনের মধ্যে ছিল জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, এ্যান্টি-এয়ার র‌্যাপিড ওপেন ফায়ারিং, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, UAV অপারেশন, নৌকমান্ডোদের HVBSS (হেলিকপ্টার ভিজিট বোর্ড সার্চ অ্যান্ড সিজার) মহড়া এবং নৌযুদ্ধের বিভিন্ন কৌশলগত প্রদর্শনী।

নৌবাহিনীর বাৎসরিক মহড়ার মূল উদ্দেশ্য ছিল সমুদ্রসীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসম্পদ সংরক্ষণ, সমুদ্রপথ নিরাপদ রাখা, চোরাচালান ও জলদস্যুতা দমন, জীববৈচিত্র্য রক্ষা এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা।

সমাপনী অনুষ্ঠানে আগত অতিথিরা অংশগ্রহণকারী কর্মকর্তা ও নাবিকদের পেশাদারিত্ব, দক্ষতা, শৃঙ্খলা ও নৌবাহিনীর ক্রমোন্নত সক্ষমতার প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সমুদ্রসীমা রক্ষা ও নীল অর্থনীতিতে নৌবাহিনীর নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অবদানের দিকটিও তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর