বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে অবিলম্বে ছয় লেনের দাবি, কেরানীহাটে তিন ঘণ্টার অবরোধ

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধি
  • রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯৩

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে জরুরি ভিত্তিতে ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে রবিবার সকালে সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে ব্লকেড কর্মসূচি পালন করেছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধে কেরানীহাট বাজারের কেন্দ্রীয় অংশসহ মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ব্লকেডে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র-যুব সমাজ ও সাধারণ পথচারীরা অংশ নেন। আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দিন দিন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ক্রমবর্ধমান যানবাহনের চাপ ও পর্যটননগরী কক্সবাজারগামী যাত্রী বৃদ্ধির কারণে বর্তমান সড়ক যানচলাচলের জন্য মোটেও সক্ষম নয়। এতে দুর্ঘটনা, দীর্ঘ যানজট ও সাধারণ মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলছে।

অংশগ্রহণকারীদের দাবি—পর্যটন শিল্পনির্ভর কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে মহাসড়কটি দ্রুত ছয় লেনে সম্প্রসারিত করা জরুরি। তারা অবিলম্বে সরকারের পক্ষ থেকে প্রকল্প ঘোষণা ও কাজ শুরুর সময়সীমা নির্ধারণের আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ধৈর্যধারণের আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান আশ্বাস দেন যে, জনদুর্ভোগ কমাতে মহাসড়ক ছয় লেন করার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের আশ্বাসের পর প্রায় তিন ঘণ্টা পর ব্লকেড প্রত্যাহার করা হয় এবং ধীরে ধীরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

স্থানীয়দের মতে, এই সড়ককে ছয় লেনে উন্নীত করা শুধু উন্নয়ন নয়—জীবনের নিরাপত্তার জন্য জরুরি। তারা আশা করছেন, সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর