চট্টগ্রামের রাউজানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একুশে টেলিভিশন (ইটিভি) চট্টগ্রামের ফটোগ্রাফার বিপ্লব মজুমদার (৪২)–কে দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল ৫টা ৫ মিনিটে রাউজান থানার ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রী কলেজের সামনে স্থাপিত চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূঁইয়ার নির্দেশনায় এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। চেকপোস্টে পৌঁছালে বিপ্লব মজুমদারকে সিগন্যাল দিয়ে থামায় পুলিশ। তার আচরণ সন্দেহজনক হওয়ায় দেহ ও বাহন তল্লাশি করা হলে মোটরসাইকেল ও তার কাঁধের ব্যাগ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত বিপ্লব মজুমদার আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন ইউনিয়নের সন্দু সাধুর বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী এসব অভিযান আরও জোরদার করা হবে।