বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১২
চট্টগ্রাম, ১ ডিসেম্বর ২০২৫: বিএনপি চেয়ারম্যান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় চট্টগ্রাম প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশের গণমাধ্যম বিকাশ, সাংবাদিক কল্যাণ এবং গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুগান্তকারী ভূমিকা রেখে গেছেন। তাদের এই অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও উল্লেখ করেন, ১৯৭৮ সালে চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২ লক্ষ টাকা অনুদান দেন। ১৯৮০ সালে বায়েজিদের শেরশাহ এলাকায় সাংবাদিকদের জন্য ‘সাংবাদিক হাউজিং সোসাইটি’-তে ১৬ একর জমি বরাদ্দ করা হয়, যা ১৯৮১ সালে বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় রেজিস্ট্রি করা হয়। এছাড়া ১৯৯৪ সালে প্রেস ক্লাবের আর্থিক সংকট নিরসনে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত বলেন, “বেগম খালেদা জিয়া প্রেস ক্লাবের উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। অতীতে তাকে আজীবন সদস্যপদ প্রদানের প্রস্তাব করা হলেও বাস্তবায়ন হয়নি। এখন আবারও আহ্বান জানাই—তাকে আজীবন সদস্যপদ প্রদান করা হোক।”
দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন শাহ আনিস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাবের সাবেক লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর