
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু সভায় ভালো কথা বললেই হবে না, প্রত্যেক পরিবারকেই নিজেদের ভিতর থেকে পরিবর্তন শুরু করতে হবে—এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারী, কন্যাশিশু বা যারা সহিংসতার শিকার হন, তাদের ওপর অত্যাচার চালান আমাদেরই কোনো না কোনো পরিবারের সদস্যরা। তাই সবার আগে ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে।”
ডিসি আরও বলেন, “জেলখানায় তিন হাজারের মতো মানুষ মাদক মামলায় সাজা ভোগ করছেন। কিন্তু তাতে মাদকাসক্তের সংখ্যা কমছে না। অর্থাৎ শুধু আইন প্রয়োগে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়—নিজেদের চরিত্র ও আচরণকে সঠিক জায়গায় আনতে হবে।”
তিনি নারী ও শিশুর জন্য নিরাপদ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিকতা শেখাতে পরিবার থেকে সঠিক আদর্শ ও আচরণ প্রদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকাল ৯টা ৩০ মিনিটে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস।
আলোচনায় বক্তারা অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সচেতনতা, কর্মক্ষেত্র ও গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয়করণ, প্রতিবন্ধী নারী ও প্রবাসী পরিবারের সদস্যদের জন্য বিশেষ সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন।
এছাড়া নারীর উদ্যোক্তা উন্নয়নে কারিগরি শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা জানান, শুধু আইন প্রয়োগ নয়—পারিবারিক মূল্যবোধ, নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি এবং সামাজিক অংশীদারিত্ব ছাড়া সহিংসতা প্রতিরোধ সম্ভব নয়।
শেষ বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন গণপরিবহনে নারীর প্রতি সহিংসতার ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর আহ্বান জানান। তিনি বলেন, পরিবারের ভেতরে নারীর প্রতি দায়ারোপের প্রবণতা বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে।