বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও হায়াতে বরকত কামনায় চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হলো এক বিশাল গণদোয়া ও বিশেষ মোনাজাত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর হাটহাজারী কলেজ মাঠে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) এলাকার হাজারো মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

চট্টগ্রাম-৫ হাটহাজারী–বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের উদ্যোগে এ গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়। আসরের নামাজ শেষ হতেই দোয়া মাহফিল শুরু হলে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। অংশগ্রহণকারীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন, হায়াতে বরকত এবং দেশের রাজনীতিতে তাঁর ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকার জন্য আল্লাহর রহমত কামনা করেন। মোনাজাতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক এবং তাঁর অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী ও সক্ষমভাবে এগিয়ে নেওয়ার তৌফিক কামনা করেও দোয়া করা হয়। এর আগে শতাধিক হাফেজে কোরআনের কণ্ঠে খতমে কোরআন ও শেফা এ তসবিহ তাহলিল অনুষ্ঠিত হয়, যা পুরো মাঠে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
গণদোয়া মাহফিল পরিচালনা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান। আয়োজনে সহযোগিতা করেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলানা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদসহ বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সঙ্গে অংশ নেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, এসএম আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধুরী, আবদুল কাদের জসীম, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব রহমতুল্লাহ, নুরুল আলম মফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী।
গণদোয়া উপলক্ষে কলেজ মাঠ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়, যা এ আয়োজনকে হাটহাজারীতে এক মানবিক ও আধ্যাত্মিক সমাবেশে রূপ দেয়।