
চট্টগ্রামের নগর সৌন্দর্য বর্ধন নিয়ে যখন নগরবাসীর প্রশংসায় ভাসছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ঠিক সেই সময় সিটি করপোরেশনের একটি সৌন্দর্য বর্ধন প্রকল্প বিতর্কের মুখে পড়েছে। জামায়াতে ইসলামীর একটি ব্যানার টানানোর কারণে ঢেকে গেছে সদ্য নির্মিত একটি মিনি গার্ডেন। ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির প্রবেশমুখ সংলগ্ন একটি নালার ওপর দীর্ঘদিন ধরে স্লাব বসিয়ে দোকান স্থাপন করে একটি পক্ষ। এর বিপরীতে ময়লার স্তূপ থাকায় চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে।
এই অবস্থায় আরাকান হাউজিং সোসাইটি সংলগ্ন প্রবেশমুখ থেকে পুরো নালাকে ঘিরে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। এর অংশ হিসেবে সম্প্রতি সেখানে একটি মিনি গার্ডেন নির্মাণ করা হয়, যা এলাকাবাসীর ব্যাপক প্রশংসা কুড়ায়। অনেকেই এই উদ্যোগকে নগর সৌন্দর্য বর্ধনে মেয়র ডা. শাহাদাত হোসেনের ইতিবাচক ভূমিকার উদাহরণ হিসেবে দেখছেন।
তবে সৌন্দর্য বর্ধনের কাজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই সেখানে ব্যানার টানানো হয়। ১৬ ডিসেম্বর সকালে বাদুরতলা ইউনিট জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার মিনি গার্ডেনের সামনের অংশে ঝুলিয়ে দেন। এতে পুরো সৌন্দর্য বর্ধনের স্থাপনাটি কার্যত আড়ালে চলে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ব্যানার টানানোর জন্য আশপাশে পর্যাপ্ত জায়গা থাকলেও ইচ্ছাকৃতভাবে মিনি গার্ডেনের সামনেই এটি লাগানো হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন নালার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা করা হলেও তখন কোনো সৌন্দর্য বর্ধনের উদ্যোগ দেখা যায়নি। এখন সিটি করপোরেশনের উদ্যোগে জায়গাটি সুন্দর করা হলে মেয়রের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন কাজ করা হয়েছে।
সৌন্দর্য বর্ধন উদ্যোগের উদ্যোক্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “সকালে বিষয়টি আমাদের নজরে আসে। আমরা সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”
এ বিষয়ে সিটি করপোরেশন ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।