সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শহীদ লেইনে বিজয় দিবসের উৎসব: ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭

মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৭ ডিসেম্বর পৃথক কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

১৬ ডিসেম্বর সকালে কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খুরশিদ আলম কমল ও সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান আমির। মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনার গুরুত্ব ও বর্তমান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এবারের কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল“মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ”।

সকাল ৯টা থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় কোমলমতি শিশুদের ১০০ মিটার দৌড়ের মাধ্যমে।প্রায় ৬০ টির মতো বিভিন্ন রাইডে ক্রীড়া প্রতিযোগিতা হয় । দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা, নতুন অভিভাবকদের ঝুড়িতে বল নিক্ষেপ এবং মেয়েদের মেধা যাচাই পরীক্ষা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার সেলিম, সাবেক কাউন্সিলর (৯নং ওয়ার্ড), চট্টগ্রাম; মোঃ জহিরুল হক টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর; মোঃ আরিফুর রহমান, অফিসার ইনচার্জ, আকবর শাহ থানা চট্টগ্রাম; যুবদল নেতা মোঃ পারভেজ, মোঃ মনিরুল ইসলাম মনির ও মাইনুল ইসলাম রানা; এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি খুরশিদ আলম কমল।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান আমির। এছাড়া সহ-সভাপতি মনিরুল ইসলাম, ইউনুস মামুন মজুমদার ও আকরাম আজিজ; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন; সহ-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হক ও মোহাম্মদ রিফাতুল ইসলাম আকন্দ; অর্থ সম্পাদক এস এম পিয়ার আলী; সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী পরশ; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার অভিভাবক-অভিভাবিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মন গঠনের পাশাপাশি একটি সচেতন ও মানবিক জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তাঁরা মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার বৈষম্য দূর করে আগামীর রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে করার জন্য সমাজ কল্যাণ পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরদিন ১৭ ডিসেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার সেলিম, সাবেক সফল কাউন্সিলর, ৯নং ওয়ার্ড, চট্টগ্রাম। তিনি র‍্যাফেল ড্রয়ের ৪৩তম পুরস্কার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কেন্দ্র করে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় মঞ্চ মুখরিত হয়ে ওঠে এবং তাদের সঙ্গে তাল মিলিয়ে আনন্দ-উল্লাসে অংশ নেন এলাকার অভিভাবক-অভিভাবিকা ও দর্শনার্থীরা।

অনুষ্ঠান শেষে এলাকাবাসী ও অভিভাবকরা ভবিষ্যতেও এ ধরনের সুন্দর, শালীন ও মার্জিত আয়োজনের মাধ্যমে এলাকাবাসীকে আনন্দ দেওয়ার আহ্বান জানান শহীদ লেইন রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের প্রতি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর