বাংলাদেশের বিচার বিভাগে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বুধবার (২৪ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তার এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
সূত্র জানায়, আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। একই সঙ্গে তিনি দেশের সর্বোচ্চ বিচারিক দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। ওই দিন তার বয়স ৬৭ বছর পূর্ণ হবে বলে সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর আইনাঙ্গনে দীর্ঘ ও সমৃদ্ধ কর্মজীবন রয়েছে। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
পরবর্তীতে ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। দীর্ঘ সময় হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে গিয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন, যা তার বিচারিক দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন আইন বিশ্লেষকরা।
আইন অঙ্গনের বিশিষ্টজনদের মতে, তার অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক শিক্ষাগত পটভূমি দেশের বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।