আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও মহানগর বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে বিভাগীয় কমিশনার ডা. মোঃ জিয়াউদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা শেষে অধ্যাপক আসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সীতাকুণ্ডের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি। ২০১২-১৩ সাল থেকে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।
প্রতিটি পর্যায়ে ধানের শীষের নেতৃত্ব দিয়েই রাজপথে ছিলাম।”
তিনি আরও বলেন, “২০১৬ সালে আমাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ আট বছর কারাবরণ শেষে আবারও জনগণের সামনে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। দল আমাকে মনোনয়ন দেওয়ার অর্থ হলো—সীতাকুণ্ডবাসীর আশা ও আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানানো। এখানে আসলে ব্যক্তিগত কোনো বিষয় নেই, এই মনোনয়ন পুরোপুরি জনগণের।”
নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমরা নির্বাচনে ভালো ফলাফল অর্জন করব—এ বিষয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী।”
এর আগে গত ২১ ডিসেম্বর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল অধ্যাপক আসলাম চৌধুরীর পক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ সোমবার (২৯ ডিসেম্বর)।