বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নতুন বছরের বই যাচ্ছে সাতকানিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬

নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে সাতকানিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে শুরু করেছে নতুন বছরের পাঠ্যবই। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

২৮ ও ২৯ ডিসেম্বর ২ দিন নতুন পাঠ্যবই বিতরণ করেন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক সরবরাহকৃত পাঠ্যবই পর্যায়ক্রমে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫০টি কিন্ডারগার্টেন, ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৫টি মাধ্যমিক মাদরাসা এবং আনুমানিক ৭০টি ইবতেদায়ী মাদরাসায় বই বিতরণ করা হচ্ছে।

নতুন বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা যেন বই হাতে পায়—সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং বই পরিবহন ও বিতরণ কার্যক্রম তদারকি করছে।

শিক্ষকরা জানান, সময়মতো নতুন বই পাওয়ায় আমরা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারব ,ইতিমধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে সবার মাঝে,নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানাতে প্রস্তুত।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ের মধ্যেই বই পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, সাতকানিয়ার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত বই বিতরণ সম্পন্ন হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বছরের পাঠ্যবই বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর