বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন, দেশনেত্রী এবং বাংলাদেশের ইতিহাসে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন,“দেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাহস ও সংগ্রামের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির জন্য নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার প্রশ্নে আপস না করে সংগ্রাম চালিয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার নির্যাতন, ষড়যন্ত্র ও কারাবরণের শিকার হয়েছেন, কিন্তু কখনো মাথা নত করেননি। তাঁর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দেশের রাজনীতিতে তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা আরও বলেন, “এই শোকাবহ মুহূর্তে আমি দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে শোক সভা, দোয়া মাহফিল এবং কালো ব্যাজ ধারণসহ নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।