বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড পেজ থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। উদ্ভূত পরিস্থিতিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে শূন্য চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্রের বিধান অনুসারে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন—ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও সুসংহত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নতুনভাবে এগিয়ে নেওয়া হবে।