বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

বার্তা টুডে ডেস্ক
  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৬৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট পর্যবেক্ষণে ব্যাপক পরিসরে দেশি ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে ৮১টি নিবন্ধিত দেশি সংস্থার মাধ্যমে মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনের প্রধানগণ, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পর্যবেক্ষক মাঠে থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে সম্পন্ন করা হবে।

ব্রিফিং শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এসব তথ্য নিশ্চিত করা হয়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচন ব্যবস্থাপনায় আস্থা বাড়াবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর