বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বার্তা টুডে ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৯

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬১তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি (বুধবার) বিকাল ৩টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্মাণাধীন বে টার্মিনাল প্রকল্পের প্রকল্প পরিচালক কমডোর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কমডোর মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা অর্জন করতে পারে, যা ভবিষ্যৎ জীবনে তাদের সাফল্যের পথ সুগম করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। 

দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ মার্চপাস্ট, মনোজ্ঞ ডিসপ্লে, পিটি প্রদর্শনী, বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা এবং “যেমন খুশি তেমন সাজো” ইভেন্ট। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও প্রতিযোগিতামূলক অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শনার্থীরা এই জাঁকজমকপূর্ণ ক্রীড়া আয়োজন উপভোগ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ দেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভিন আক্তার এবং বন্দর, পতেঙ্গা ও বায়েজিদ থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর