বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সাতকানিয়ায় নির্বাচনী নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রশাসন, পুলিশ ও সেনার যৌথ উদ্যোগ

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া
  • বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিরাপত্তা জোরদারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ধর্মপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে বাজালিয়া ইউনিয়ন পরিষদে বিএনপি, জামায়াত, এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ১২ থেকে ১৪ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে—এমন কমিটি প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় আগামীকালের মধ্যেই গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

যেকোনো সমস্যা বা সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত প্রশাসন, পুলিশ কিংবা সেনাবাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের নির্দেশনা দেন এবং যেকোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আশ্বাস দেন।

এদিকে যৌথ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশের সমন্বয়ে ধর্মপুর, বাজালিয়া ও কাঞ্চনা এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি ইউনিয়নে একটি করে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। যদিও এখনো উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়নি, তবে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী আগের চেয়ে আরও তৎপর রয়েছে এবং নিরাপত্তা ক্যাম্পের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর