বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না: দক্ষিণ হালিশহরে আমির খসরু

বার্তা টুডে ডেস্ক
  • শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “অনির্বাচিত সরকার কখনও দেশের মানুষের আশা পূরণ করতে পারে না—এটা বারবার প্রমাণিত হয়েছে।” আজ ৩০ জানুয়ারি (শুক্রবার) দুপুরে চট্টগ্রামের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আমির খসরু এদিন দক্ষিণ হালিশহরের শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া চান। পরে নিউমুরিং তকতারপুলসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে মানুষের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর ছিল এবং বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। জনগণের প্রত্যাশা হলো—নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ও ভোটাধিকার ফিরে পাক এবং জনপ্রতিনিধিরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলুক।

তিনি আরও বলেন, “গণতন্ত্রবিরোধী শক্তি এবং যারা জনগণের ওপর আস্থা রাখে না, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের মানুষ নির্বাচন চায়। তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।” নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ গঠিত হলে স্থিতিশীলতা ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

আমির খসরু জানান, “১১ তে ১১”—এই স্লোগানের আওতায় ১১টি আসনে ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। এসবের মধ্যে রয়েছে ১২০০ শয্যার একটি হাসপাতাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার স্থাপন, আইটি খাতের উন্নয়ন এবং দীর্ঘদিনের পানির সমস্যার সমাধানসহ আরও কয়েকটি বিষয়। “ইনশাল্লাহ এসব বাস্তবায়ন করা হবে,” বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর