
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, পটিয়ায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা কিশোর গ্যাংয়ের ঠাঁই হবে না। পটিয়াকে একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ জনপদে পরিণত করাই তার প্রধান অঙ্গীকার।
৩১ জানুয়ারি (শনিবার) জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর গণসংযোগ ও একাধিক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এদিন তিনি জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদণ্ডী, নাইখাইন, গৈড়লারটেক, নিমতল, আমজুর হাট ও এবাদতখানা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং স্থানীয় সমস্যা ও জনদাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। নাইখাইন বারিকভাণ্ডার দরবার শরীফ এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার বর্জ্য দূষণের কারণে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তিনি জানান, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পটিয়াকে পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য জনপদে রূপান্তর করা হবে এবং শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনামুল হক এনাম বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জীবনমান উন্নয়নে নিরাপদ ও নির্ভরযোগ্য কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে মাসিক দুই হাজার থেকে দুই হাজার পাঁচশ টাকা আর্থিক সহায়তা অথবা চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে মাসিক সম্মানি প্রদান, ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা এবং দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে কার্যকর ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানান তিনি।
পথসভায় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খোরশেদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম সিকদার, সাংগঠনিক সম্পাদক ওহিদুল আলম, বিএনপি নেতা আবু তালেব, শাহাবুদ্দিন খোকন, নাজমুল, রহিম উল্লাহ, শওকত আলী, বকুল ও যুবদল নেতা শহিদুল আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম পিপলু, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পেয়ারু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন এরশাদ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু নোমান চৌধুরী লিটন। পাশাপাশি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ পথসভায় অংশগ্রহণ করেন।
গণসংযোগ ও পথসভাকে কেন্দ্র করে জঙ্গলখাইন ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয়রা এনামুল হক এনামের আইনশৃঙ্খলা, পরিবেশ রক্ষা ও জনকল্যাণমুখী প্রতিশ্রুতিকে স্বাগত জানান।