শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিজিবির লেথাল ওয়েপন ব্যবহার না করার ঘোষণা

বার্তা টুডে ডেস্ক
  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের লেথাল ওয়েপন (মারণাস্ত্র) ব্যবহার করবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন— সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রেখে সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে।

ঝুঁকি বিবেচনায় দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।

নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।

নির্বাচন ঘিরে মহড়া চালানো এবং সম্ভাব্য শঙ্কা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা আমরা দেখছি না। বিজিবির মহাপরিচালকের সুস্পষ্ট নির্দেশ রয়েছে— আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কোনো ধরনের লেথাল ওয়েপন ব্যবহার করব না।”

নির্বাচনকালীন যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, বিজিবির বেস ক্যাম্পগুলোর মোবাইল নম্বর রিটার্নিং কর্মকর্তাদের কাছে রয়েছে। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে তারা সরাসরি বিজিবির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সুরক্ষা অ্যাপের মাধ্যমেও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর