
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারসহ সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।
১১ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।” তিনি বলেন, ভোটদান শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি বড় দায়িত্বও।
ভাষণের শুরুতে সিইসি মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি।” শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন তিনি।
আগামীকালের নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে সিইসি বলেন, গণতন্ত্রে ভিন্নমত স্বাভাবিক বিষয়। তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা রাখার অনুরোধ করেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করতে হবে। ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে জাতীয় এই দায়িত্ব সফল করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষে সিইসি প্রত্যাশা ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে।