
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে Bangladesh Election Commission (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬। বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭। সব মিলিয়ে মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।
ইসির ঘোষণায় বলা হয়, ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কিছু আসনে ফলাফল স্থগিত রাখা হয়। প্রাপ্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল এর আগেই ঘোষণা করা হয়েছিল।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট একযোগে অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সব আনুষ্ঠানিকতা শেষে এখন ওই ২৯৭টি আসনের গেজেটও প্রকাশ করা হলো।
এর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোট প্রক্রিয়ার সাংবিধানিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।