সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের জয়

জাহাঙ্গীর আলম চৌধুরী | চন্দনাইশ প্রতিনিধি
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩

তুমুল হাড্ডাহাড্ডি লড়াই শেষে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে চন্দনাইশের ১০০টি কেন্দ্রে তিনি ধানের শীষ প্রতীকে ৭৬ হাজার ৪৯৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক (ছাতা প্রতীক) পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। ফলে ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।

রাত ১টা ২০ মিনিটে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর স্বাক্ষরিত বেসরকারি ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন অনিয়ম ও সাময়িক বিরতির অভিযোগ উঠলেও সার্বিক পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল বলে জানানো হয়েছে।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় চট্টগ্রাম-১৪ আসনের জনগণের বিজয়। আমি সকলের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।” তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক ওমর ফারুক ফেসবুক লাইভে এসে অল্প ভোটের ব্যবধানে পরাজয় স্বীকার করেন। তিনি তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন।

চট্টগ্রাম-১৪ আসনের এই ফলাফল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর