শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদের প্রভাব: দ্রুত সংস্কারে স্বস্তি ফিরল কেরানীহাটে

মিজানুর রহমান রুবেল
  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪

গণমানুষের দুর্ভোগ তুলে ধরে প্রকাশিত সংবাদের ইতিবাচক প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ-এ সংবাদ প্রকাশের পরপরই সাতকানিয়ার কেরানীহাট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এর ফলে নালা নির্মাণ ও চলাচলের অনুপযোগী সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

কেরানীহাটের মাইজপাড়া সড়কের মুখে এবং কেরানীহাট কেন্দ্রীয় মসজিদের সামনে দীর্ঘদিন ধরে ময়লা পানি জমে থাকায় পথচারী, শিক্ষার্থী, মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করলেও শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতা স্থায়ী রূপ নেয়। বিষয়টি এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। পরবর্তীতে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে সমস্যাটি।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
তাঁর আন্তরিক তদারকি এবং ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরের সার্বিক ব্যবস্থাপনায় নালা নির্মাণ এবং রাস্তার ঢালাই কাজ বাস্তবায়ন করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে কাজ সম্পন্ন হয়।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন,
“এটি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পেরেছি। এখন মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে এবং জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান,
“জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় বরাদ্দ ও বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের সমস্যায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে।”

সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাজের মান বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপের সমন্বয় হলে এভাবেই অনেক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর