মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

মৃত্যু নিয়ে ধোঁয়াশা : চন্দনাইশে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা—তদন্তে পুলিশ

চন্দনাইশ প্রতিনিধি চট্টগ্রাম
  • রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৫

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার হাজিরপাড়া এলাকায় নিজ ঘর থেকে আয়েশা সিদ্দিকা মুক্তা (২২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে স্বামী ও স্ত্রীর পরিবারের মধ্যে সৃষ্টি হয়েছে চরম ধোঁয়াশা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মাগরিবের পর স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হাজিরপাড়ার বাসিন্দা হাছান আলীর ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম জিফাতের ঘর থেকে তার স্ত্রী মুক্তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নিহত মুক্তা দুই সন্তানের জননী। তার একটি দুই বছরের ছেলে ও তিন মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্বামীর পরিবারের দাবি, মুক্তা আত্মহত্যা করেছেন। তবে এ দাবিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন মুক্তার স্বজনরা। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী জিফাত মুক্তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন তারা।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর