চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষিজমির উর্বর টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয় এবং দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে এনএসআই চট্টগ্রাম জেলার তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চালানো হয় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিকপাড়া ও নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। ঘটনাস্থলে গিয়ে একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। পাশাপাশি আরও সাতটি এস্কেভেটর সম্পূর্ণ ভেঙে অকেজো করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে পুনরায় অবৈধ কর্মকাণ্ড চালানো না যায়।
এ সময় এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ারকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে সাতকানিয়া থানা পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমির টপসয়েল কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।