চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১টি স্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও অভিযানের বিষয়টি মাটিখেকোদের আগে থেকে জানিয়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর কাশেম বাড়ির মৃত নুর আহমদের পুত্র।
সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টপসয়েল কাটার সময় ১টি স্কেভেটর জব্দ করা হয়েছে।
এ ছাড়াও মাটিখেকোদের নিকট অভিযানের তথ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিম নামে এক যুবককে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৩ এর ১০ হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেক ইউনিয়নে এ রকম অভিযান চলমান থাকবে বলে বলেও জানান তিনি। অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী, থানা পুলিশ, আনসার সদস্য ও চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।