বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ত্যাগ ও সংগ্রামের প্রতীক আবদুল আলীম স্বপন: লালখান বাজারে কাউন্সিলর প্রার্থী হিসেবে নতুন প্রত্যাশা

বার্তা টুডে ডেস্ক
  • রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৭৩

চট্টগ্রাম নগরীর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন ত্যাগী ও পরীক্ষিত রাজনীতিক আবদুল আলীম স্বপন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি এলাকায় একটি সুপরিচিত ও আস্থার নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জন্মলগ্ন থেকেই লালখান বাজার এলাকার বাসিন্দা স্বপন একটি মুক্তিযোদ্ধা পরিবারে বেড়ে উঠেছেন। তার পিতা-মাতা উভয়ই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হওয়ায় ছোটবেলা থেকেই দেশপ্রেম ও জনসেবার আদর্শে অনুপ্রাণিত হন তিনি। পারিবারিকভাবে সম্মানজনক অবস্থান থাকা সত্ত্বেও রাজনীতির কঠিন পথ বেছে নিয়ে তিনি নিজেকে সম্পৃক্ত করেন জনমানুষের অধিকার আদায়ের আন্দোলনে।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন স্বপন। রাজনৈতিক জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে গত ১৬ বছরে তিনি ৬৯টি মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাকে। তবুও আদর্শ থেকে একচুলও বিচ্যুত হননি এই নেতা।

স্থানীয়দের মতে, দরিদ্র ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়ানোই তার সবচেয়ে বড় পরিচয়। সমাজের সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা, বিনয়ী আচরণ এবং বন্ধুসুলভ মনোভাব তাকে আলাদা করেছে অন্যদের থেকে। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পাশাপাশি মসজিদ ও মাদ্রাসাভিত্তিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, বিএনপির রাজনীতিতে স্বপন একজন ত্যাগী ও নির্যাতিত নেতা, যিনি রাজপথে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত সৈনিক হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। প্রতিবাদী কণ্ঠস্বর, সাহসিকতা, সততা ও নীতিবোধ তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীক করে তুলেছে।

আবদুল আলীম স্বপন বলেন, “স্বপন মানে স্বপ্ন। লালখান বাজার এলাকার উন্নয়ন, শান্তি ও মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন আমি দীর্ঘদিন ধরে বুকে লালন করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আমি এই এলাকার সন্তান। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে জনসেবার সুযোগ পেয়ে কৃতজ্ঞ থাকবো।”

স্থানীয় ভোটারদের আশা, দীর্ঘদিনের ত্যাগ ও জনসম্পৃক্ততার কারণে আবদুল আলীম স্বপন নির্বাচনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন এবং নির্বাচিত হলে লালখান বাজার ওয়ার্ডকে একটি শান্তিময় ও উন্নয়নমুখী এলাকায় রূপান্তর করতে ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর