
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক আকাশপথে এর প্রভাব পড়েছে সরাসরি। এর ফলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল আবারও স্থবির হয়ে পড়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (২৩ মার্চ ২০২৬) দিনভর মধ্যপ্রাচ্যগামী ও আগত বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্য থেকে আগত ৩টি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ফ্লাইট এবং এয়ার আরাবিয়া-এর ১টি আগত (এরাইভাল) ও ১টি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে সবকিছুর মধ্যেও কিছু ফ্লাইট স্বাভাবিক ছিল। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের মোট ৬টি মধ্যপ্রাচ্য থেকে আগত এবং ৫টি ডিপার্চার ফ্লাইট দিনের মধ্যে সচল ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অন্যদিকে, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনস পরিচালিত শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলোতে স্থবিরতা এখনো কাটেনি। সংশ্লিষ্ট গন্তব্যগুলোতে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের এই অস্থির পরিস্থিতির প্রভাবে এখন পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে সর্বশেষ সোমবারের ৭টি ফ্লাইটও অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি প্রবাসী কর্মীদের যাতায়াতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জেনে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে।