
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চট্টগ্রামের সিআরবিস্থ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়।
দিবসের শুরুতেই বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মোঃ সুবক্তগীন আঞ্চলিক কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী আনোয়ারুল ইসলামসহ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড এম আর মনজু উপস্থিত থেকে দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে মহাব্যবস্থাপক মোঃ সুবক্তগীন বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির আত্মত্যাগ, বীরত্ব ও গৌরবের অনন্য স্মারক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও সেবায় সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
শেষে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে আরও আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীরা।