
সাতকানিয়ায় ফেসবুক লাইভে এসে সাংবাদিকদের বিরুদ্ধে অশ্রাব্য ও কটাক্ষমূলক ভাষা ব্যবহারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন।
সংগঠনটি জানায়, গত ৩০ মার্চ সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে অবৈধ মাটি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছিটুয়া পাড়া এলাকার আব্দুল মোমেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন।
এর পরদিন ৩১ মার্চ রাত প্রায় ১১টার দিকে অভিযুক্ত আব্দুল মোমেন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে সাংবাদিকদের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। লাইভে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এবং তাদের হুমকি প্রদান করেন, যা সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের অভিযোগ, উক্ত লাইভে সংগঠনের নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ইকবাল মুন্নার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা হয়। তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা সংগঠনটি তাদের সদস্যের প্রতি সরাসরি হুমকি হিসেবে বিবেচনা করছে।
সংগঠনটির নেতারা বলেন, একজন সাংবাদিকের পেশাদারিত্ব নিয়ে এ ধরনের মন্তব্য শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজের জন্য অবমাননাকর। তারা মনে করেন, এ ধরনের বক্তব্য চট্টগ্রামসহ সারাদেশের সাংবাদিকদের সম্মানে আঘাত হেনেছে।
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন ২৪ ঘণ্টার মধ্যে আব্দুল মোমেনকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান রুবেল ও সদস্য সচিব মো. তারেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।