চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিনের গ্রামের বাড়িতে গভীর রাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় দুই ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল সশস্ত্র দুর্বৃত্ত মহসিনের বাড়িকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভোগেন।
ঘটনার সময় মহসিন বাড়িতে না থাকায় তিনি অক্ষত থাকলেও, তার ঘনিষ্ঠ দুইজন—কাঞ্চনা ইউনিয়ন ছাত্রদলের নেতা মোহাম্মদ রাকিব ও শফিক—দুর্বৃত্তদের হামলায় আহত হন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মো. মহসিন মুঠোফোনে বলেন, “রাত ১টা ১৫ মিনিটের দিকে জামায়াত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা আমার বাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি চালায়। আমাকে না পেয়ে তারা আমার সহযোগীদের ওপর হামলা করে।” তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে স্থানীয়রা জানান, হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বের হতে সাহস পাননি। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।