মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

চন্দনাইশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা

জাহাঙ্গীর চৌধুরী চন্দনাইশ প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৭৪

পরিবেশের জন্য ক্ষতিকর ও আইনবহির্ভূত কার্যক্রম বন্ধে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোতে পরিবেশগত ছাড়পত্র না থাকা, অনুমোদনবিহীন স্থাপনা পরিচালনা এবং কৃষিজমি ও আশপাশের পরিবেশের ক্ষতির মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকার মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (PBM), মেসার্স শাহ আমানত ব্রিকস (MSB), মেসার্স জোহাদিয়া ব্রিকস (HBL), মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং (NBM) এবং মেসার্স চৌধুরী ব্রিকস (MAA)। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সহায়তা প্রদান করে র‍্যাব-০৭ চট্টগ্রাম, চন্দনাইশ থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চন্দনাইশ স্টেশনের সদস্যরা। তাদের সমন্বিত উপস্থিতিতে অভিযান নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম প্রধান উৎস। এসব ভাটার কারণে বায়ুদূষণ, কৃষিজমির ক্ষতি এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর