
চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্থবিরতা কাটেনি। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) দিনজুড়ে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ মোট ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস-এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার এবং সেখান থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া এয়ার আরাবিয়া-এর ১টি এরাইভাল ফ্লাইট এবং সালাম এয়ার-এর ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে।
অন্যদিকে, সবকিছু মিলিয়ে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ৭টি এরাইভাল ফ্লাইট এবং ৬টি ডিপার্চার ফ্লাইট সোমবার সচল ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে পরিচালিত সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনস-এর ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি। ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত যাত্রীদের অনিশ্চয়তা ও দুর্ভোগ অব্যাহত রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজকের ৫টি ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ২৬৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।