
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালিয়ে মাদক ও নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত রশিদ আহমদ ওরফে ‘রইশ্যা ডাকাত’কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই বিভাস কুমার সাহা। তার সঙ্গে ছিলেন এসআই রুবেল চন্দ্র সিংহ, এসআই আকবর এবং এসআই রুহুল আমিনসহ একটি চৌকস টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদ আহমদ দীর্ঘদিন ধরে সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা এলাকায় অবস্থান করে একটি ইয়াবা-কেন্দ্রিক মাদক নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি সরল ইউনিয়ন ও শীলকূপ এলাকার বিভিন্ন অপরাধী চক্রের নেতৃত্ব দিতেন বলেও অভিযোগ রয়েছে। অতীতে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে এবং তিনি কারাভোগও করেছেন বলে জানা গেছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পূর্ব কাহারঘোনা এলাকায় অভিযান চালিয়ে রশিদ আহমদকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।