বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

চসিকের নিজস্ব ব্যবস্থায় বর্জ্য সংগ্রহ, ভেন্ডরের নামে টাকা আদায় সম্পূর্ণ অবৈধ

জাহাঙ্গীর আলম
  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯

চট্টগ্রাম নগরীতে বাসাবাড়ি থেকে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করতে গত মার্চ মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

চসিক সূত্র জানায়, মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশক্রমে এখন থেকে কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করছেন। ফলে এপ্রিল মাস থেকে নগরবাসীকে বর্জ্য সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে অর্থ প্রদানের প্রয়োজন নেই।

তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যক্তি এখনো ভেন্ডর পরিচয়ে বাসাবাড়িতে গিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। চসিক কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কেউ যদি জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে চসিককে অবহিত করতে হবে। এ বিষয়ে অভিযোগ জানাতে চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা (মোবাইল: ০১৮১১-৮০৩৬৬৬) অথবা মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ)-এর মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে নগরীকে ক্লিন, গ্রীন, হেলদি, সেফ ও স্মার্ট সিটিতে পরিণত করতে যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকার জন্যও সকলের প্রতি আহ্বান জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো খবর