মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটিকে আপাতত সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ইরান সরকারের অনুমতি চেয়ে আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে জাহাজটিকে হরমুজ প্রণালির কাছাকাছি এলাকা থেকে ঘুরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কূটনৈতিকভাবে অনুমতি আদায়ের চেষ্টা এখনও চলছে।
প্রায় ৪০ দিন মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার (৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে ‘বাংলার জয়যাত্রা’। প্রায় ৪০ ঘণ্টা পথ পাড়ি দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছায় জাহাজটি। কিন্তু অনুমতি না মেলায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিন ১৮ টন সমুদ্রের পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের জন্য তা সীমিত করে দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে। একই সঙ্গে নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং অতিরিক্ত ওয়ার অ্যালাউন্সও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার জেরে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার প্রভাব এখনো কাটেনি।
বর্তমান পরিস্থিতিতে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে তৎপরতা অব্যাহত রয়েছে।