চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দাগামী এই ফ্লাইটের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বদা সমুন্নত রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠান শেষে তিনি নিজ হাতে হজযাত্রীদের মাঝে আতর, তসবিহসহ হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এ সময় ৪১৯ জন হজযাত্রীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
হজযাত্রীদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, তারা যেন পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশের জন্য দোয়া করেন।
বিশেষ করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা এবং চলমান সংঘাত নিরসনের জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের উন্নয়ন, সম্প্রীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকারের পরিকল্পনা সফল করার জন্য বিশেষ মোনাজাত করার অনুরোধ জানান।
প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।
জানা গেছে, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫ হাজার ৬৭৫ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করে দোয়া করেন এবং সকল হজযাত্রীর সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।