কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ আদেশ দেন।
এর আগে কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়। অভিযোগে বলা হয়, তিনি দাবি করেছিলেন—বর্তমান ডিসি কুষ্টিয়ায় বদলি হয়ে আসতে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।
গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন, যা পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়, অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ৭ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ আনতে হলে তার যথাযথ প্রমাণ থাকা জরুরি।
ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।