চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়। রবিবার (২৬ এপ্রিল ) দিনব্যাপী উপজেলার ছনখোলা ও এওচিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে দুইটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে মেসার্স মা ব্রিকস (মার্কা-এম.বি.এফ), ছনখোলা, এওচিয়া এলাকার মালিক নিবারণ দেবনাথকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এছাড়া মেসার্স খাজা থ্রী (মার্কা-কে.বি-৩), এর মালিক মো. শাহ আলমের ইটভাটায় একটি বয়লার মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে চুল্লি অকার্যকর করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল। আইনশৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতকানিয়া স্টেশনের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।