চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাজালিয়া এলাকায় ইসলামী ভাবধারায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে “বাজালিয়া ইসলামী যুব সমাজ”-এর উদ্যোগে ২৬তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সীরাতুন্নবী মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বাদে যোহর থেকে বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন জামে মসজিদ মাঠে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে শিশু-কিশোরদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা স্থানীয় স্টেশন জামে মসজিদ পাড়ার শিশুদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ (ঢাকা)। তিনি তাঁর বক্তব্যে তরুণদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাইখ মুফতি মাওলানা জয়নুল আবেদীন আল-কাদেরী, লেকচারার, জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা আমির হোসেন (উপাধ্যক্ষ, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা), মাওলানা আবুল কাশেম নুরী (শিক্ষক, রশিদাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসা) এবং হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম (সহকারী ইমাম, বাজালিয়া স্টেশন জামে মসজিদ) প্রমুখ।
এছাড়া মাহফিলে নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ইসলামি সংগীতশিল্পী মুহাম্মদ নুরুল আলম আরেফিন, যা উপস্থিত শ্রোতাদের মধ্যে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম হোসাইনী, ইমাম ও খতিব, আল-আমিন বারীয়া কমপ্লেক্স জামে মসজিদ, সাভার, ঢাকা। সঞ্চালনায় ছিলেন হাফেজ মোহাম্মদ নাছির উদ্দীন, পেশ ইমাম, বাজালিয়া স্টেশন জামে মসজিদ।
আয়োজকরা জানান, মহিলাদের জন্য পর্দার আড়ালে ওয়াজ শ্রবণের পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছিল। তারা আরও জানান, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতিবছর এ মাহফিলের আয়োজন করা হয়।