কৌশলগত অবকাঠামো প্রকল্প ও দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাপানের মান্যবর রাষ্ট্রদূত এইচ.ই সাইদা শিনইচির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরিদর্শন করেছে।
১৩ (বুধবার) সকাল ১০টা ৪৫ মিনিটে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চবকের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পসহ চট্টগ্রাম বন্দরের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কারিগরি সহযোগিতা, প্রকল্প বাস্তবায়নের সময়সীমা এবং বাংলাদেশ-জাপানের মধ্যে সামুদ্রিক সহায়তা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পরে প্রতিনিধি দলটি চবক বোর্ডরুমে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় বন্দরের পরিচালন সক্ষমতা, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা এবং আঞ্চলিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। পাশাপাশি বন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা মানদণ্ড সংহত করার বিষয়েও আলোচনা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন কার্যক্রম এলাকা সরেজমিন ঘুরে দেখে। সফর শেষে তারা চট্টগ্রাম বন্দরের সার্বিক অগ্রগতি, ব্যবস্থাপনা দক্ষতা ও অবকাঠামোগত উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন।
এসময় বাংলাদেশে জাপান দূতাবাসের প্রথম সচিব মোচিদা ইউতারো ও ফুজিমোতো সাওরিসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চবকের পক্ষে সদস্য (প্রকৌশল) কমডোর মো. মাযহারুল ইসলাম জুয়েল, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. সামীমুজ্জামান (অতিরিক্ত সচিব) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.