রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা এবং চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চন্দনাইশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় “মানবতার ফেরিওয়ালা” স্বেচ্ছাসেবামূলক সংগঠন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ও চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মনজুর মোরশেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম. এ হাশেম রাজু, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলমগীর বঈদী, মো. ফোরকান চৌধুরী, মো. মেসবাহ উদ্দিন, শাহাবুদ্দিন জাবেদ, মো. মামুন, মো. শরিফ উদ্দিন ফয়সাল, রাসিম উল্লাহ, কাজী রিমন, হাবিবুর রহমান ও একরামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। শিশু রামিসার পরিবারের হতাশা বর্তমান বিচারব্যবস্থার প্রতি মানুষের অনাস্থারই বহিঃপ্রকাশ। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
তারা আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Bartatoday. All rights reserved.